শ্রবণ প্রতিবন্ধী ভাইকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বোনেরও মৃত্যু

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ০৯:৫৭ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে আব্দুল মালেক (২৩) ও সুমাইয়া আক্তার (১৪) নামে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা প্রায় ৬টায় উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর বাওয়াছড়া সড়কে রেল গেইটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাইবোন মোহাম্মদ নুরুল মোস্তফার সন্তান। তার বাড়ি চাঁদপুর জেলায়। চাকরির সুবাদে দীর্ঘ ১৫ বছর ধরে ওয়াহেদপুর এলাকায় বসবাস করে আসছেন তারা।

ওই এলাকার বাসিন্দা মো. শাখাওয়াত হোসেন জানান, শুক্রবার বিকেলে মোস্তফার স্ত্রী ছেলে মেয়েসহ ওয়াহেদপুর বাওয়াছড়া লেকে ঘুরতে যায়। সেখান থেকে আসার পথে রেললাইনে ছবি তুলছিল মালেক। সে শ্রবণ প্রতিবন্ধি ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী ট্রেন আসছে দেখে ভাইকে বাঁচাতে গিয়ে বোন সুমাইয়াও প্রাণ হারান। ঘটনাস্থলে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়। মালেক প্যারাগন ফিড মিলে চাকরি করতেন। ভাই-বোনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

চট্টগ্রাম জিআরপি (রেলওয়ে) পুলিশের ওসি কামরুল হাসান বলেন, মিরসরাইয়ের ওয়াহেদপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে দুইজন মারা যাওয়ার খবর শুনেছি। আমাদের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত