মুক্তি পাচ্ছেন কোকেনসহ গ্রেপ্তার স্প্যানিশ নাগরিক

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ০৭:২৫ পিএম

ঢাকায় কোকেনসহ গ্রেপ্তার স্প্যানিশ নাগরিক চিয়াস এসপিজো জুলিয়ান মুক্তি পেতে যাচ্ছেন। রবিবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার তাকে মুক্তি দিতে আদেশ দিয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ৫২ বছর বয়সী স্প্যানিশ নাগরিকের বিরুদ্ধে মামলাটি না চালানোর সিদ্ধান্ত নেয়াতে বিচারক তাকে মুক্তির আদেশ দেন।

পাঁচ বছর আগে ২০১৫ সালের ৯ ডিসেম্বর ঢাকার শাহজালাল বিমানবন্দরে কোকেনসহ গ্রেপ্তার হয়েছিলেন জুলিয়ান। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা হয়। সেই মামলায় অভিযোগপত্র দাখিলের পর বিচারকাজ চলছিল।

আসামিপক্ষের আইনজীবী এইচ এম মাসুম সাংবাদিকদের বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলাটি পরিচালনা করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। তাই বিচারক এই মামলা থেকে তাকে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন।

তিনি বলেন, তাকে আমার (আসামিপক্ষের আইনজীবী) ও স্প্যানিশ দূতাবাসের একজন কর্মকর্তাকে কারাফটক থেকে বুঝে নিতে বলা হয়েছে।

ব্রাজিলের সাও পাওলো থেকে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সে ঢাকায় নামার পর ধরা পড়েছিলেন জুলিয়ান।

স্পেনের এই নাগরিকের কাছে তিন কেজি কোকেন পাওয়া গিয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়। মামলাটির বাদী ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৎকালীন পরিদর্শক এক এম কামরুল ইসলাম।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত