এরশাদকে স্বৈরাচারী বলা যাবে না : জিএম কাদের

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ০১:৪০ এএম

গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে বৈধ রাষ্ট্রনায়ক হিসেবে স্বীকৃতি দিয়েছে আদালত। তিনি বৈধ রাষ্ট্রপ্রধান হিসেবেই ক্ষমতা হস্তান্তর করেছেন। তাই কোনোভাবেই এরশাদকে স্বৈরাচারী বলা যাবে না। এরশাদকে গায়ের জোরে স্বৈরাচারী বলা হয় বলে দাবি করেন তিনি। গতকাল রবিবার বিকালে রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এসব কথা বলেন জিএম কাদের। ৬ ডিসেম্বর দিনটিকে সংবিধান সংরক্ষণ দিবস হিসেবে পালন করে জাপা।

জিএম কাদের বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন প্রকৃত গণতন্ত্রমনা রাষ্ট্রনায়ক। তার সামনে ক্ষমতা হস্থান্তর না করার সুযোগ ছিল। কিন্তু তিনি গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সংবিধানকে সমুন্নত রেখেই ক্ষমতা হস্থান্তর করেন।’

তিনি অভিযোগ করে বলেন, ‘সংবিধানে ৭০ ধারা সংসদীয় গণতন্ত্রের মূল স্বাদ ধংস করেছে। ৭০ ধারার কারণে সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারেন না। তাতে সরকার প্রধান যা করতে চান তার বাইরে কিছুই করা সম্ভব হয় না। তাই ৭০ ধারার কারণে সরকারে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হয়, যা স্বৈরতন্ত্রের পর্যায়ে পড়ে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত