দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতে শ্রমিকদের হামলা, আহত ৬

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ০৯:২৯ পিএম

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদীতে অবৈধ ড্রেজার বন্ধে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা করেছে বালু শ্রমিকেরা। এতে ইটপাটকেল নিক্ষেপ করলে ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুর ও পুলিশসহ ছয়জন আহত হয়েছেন। আহতরা সকলে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র বর্মণের নেতৃত্বে সোমেশ্বরী নদীর এক নম্বর বালু ঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বাংলা ড্রেজার উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য যান। এতে বালু ঘাটের শ্রমিকেরা ড্রেজার উচ্ছেদে বিরোধিতার করে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা করে। অতর্কিত এ হামলায় ভ্রাম্যমাণ আদালতের গাড়িটি ক্ষতিগ্রস্থ হয়। এছাড়া পুলিশের উপপরিদর্শকসহ তিনজন, ভূমি অফিসের দুজন ও একজন শ্রমিক আহত হয়েছেন।

আহতরা হলেন, দুর্গাপুর থানার এসআই রুকন উদ্দিন (৪০), কনস্টেবল খলিলুর রহমান (৫৫), কনস্টেবল রুবেল মিয়া (৩০), ভূমি অফিসের কর্মচারী নজরুল ইসলাম (৪৫), এরশাদুল ইসলাম (৩২) ও বালু ঘাটের শ্রমিক রফিক ৩৫)। তারা সকলে দুর্গাপুর হাসপাতালে চিকিৎসাধীন।  

 হামলার খবর পেয়ে বিকেলের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র বর্মণ, দুর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, ওসি শাহনুর-এ আলম সহ টাস্কফোর্সের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রায় ৫০টি অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস করেন। সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বালু ঘাটের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করেন তারা। 

এ ব্যাপারে দুর্গাপুরে ইউএনও ফারজানা খানম সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, আমার দুজন কর্মচারী আহত হয়েছে। এই মুহূর্তে জেলা প্রশাসকের কার্যালয়ে রয়েছি। জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে মিটিংয়ের পর সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। 

দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এর আলম বলেন, এক এসআই সহ পুলিশের তিনজন আহত হয়েছেন। তারা সকলে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত