গণফোরামে ঐক্যের প্রক্রিয়া শুরু

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ০১:২৫ পিএম

বিভেদ ভুলে এক হওয়ার ঘোষণা এলো প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি গণফোরামের অভ্যন্তরে ভুল বোঝাবুঝির কারণ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উদ্ভূত সমস্যার সমাধানকল্পে সকল সহকর্মীবৃন্দকে সঙ্গে নিয়ে গণফোরামের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।

দলটির সভাপতি ড. কামাল হোসেন স্বাক্ষরিত এ চিঠিতে আরও বলা হয়, ইতিমধ্যে দলের অভ্যন্তরে যে বহিষ্কার ও পাল্টা বহিষ্কার হয়েছে তা অকার্যকর বলে গণ্য করা হবে।

এর আগে দীর্ঘ আলোচনার মাধ্যমে শনিবার বিবদমান দুপক্ষের নেতারা ঐকমত্যে পৌঁছান, কাঁধে কাঁধ মিলিয়ে দলীয় কার্যক্রম চালানোর বিষয়ে প্রতিশ্রুতি দেন। পাল্টাপাল্টি বহিষ্কারও তুলে নেওয়া হয়। এ দিন জানানো হয়, রবিবার ড. কামাল হোসেন গণমাধ্যমে বিবৃতি দিয়ে বিষয়টি স্পষ্ট করবেন।

বহিষ্কার-পাল্টা বহিষ্কার নিয়ে এ বছর গণফোরামে বিরোধ চরমে পৌঁছে। এমন প্রেক্ষাপটে গত ২৬ সেপ্টেম্বর বর্ধিত সভা ডেকে দলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও অধ্যাপক আবু সাইয়িদের নেতৃত্বাধীন অংশ আগামী ২৬ ডিসেম্বর কাউন্সিল করার ঘোষণা দেয়।

এরপর ১৭ অক্টোবর ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন অংশ বর্ধিত সভা ডেকে ১২ ডিসেম্বর কাউন্সিল করার কথা জানায়। দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থানে ড. কামাল হোসেন নেতাদের ডেকে নিয়ে বৈঠক করেন। সেখানে তিনি সবাইকে মিলেমিশে কাজ করার আহ্বান জানান। তবে মন্টু-সুব্রত-সাইয়িদরা তাদের আট নেতার বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রত্যাহারের শর্ত দেন।

এ বিষয়ে কামাল হোসেন সম্মতি দেন এবং ১২ ডিসেম্বরের কাউন্সিল স্থগিত করেন। তবে আরও কিছু বিষয়ে ঐকমত্যের জন্য দুপক্ষের শীর্ষনেতারা পরস্পরের সঙ্গে আলোচনা অব্যাহত রাখেন। যার চূড়ান্ত ঘোষণা এলো রবিবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত