ট্রাম্প সমর্থকদের সমাবেশে সংঘর্ষে ৪ জন ছুরিকাহত, গুলিবিদ্ধ ১

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ০৭:২৭ পিএম

নির্বাচনে জালিয়াতির অভিযোগ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির সমর্থনে এক সমাবেশে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চার জন ছুরিকাহত এবং একজন গুলিবিদ্ধ হয়েছেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, শনিবার যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় শহরে বিক্ষোভ সমাবেশে ট্রাম্পের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটে।

শনিবার রাতে ওয়াশিংটন পুলিশ এক টুইটে জানায়, অলিম্পিয়ার ক্যাপিটাল ভবনের কাছে সংঘর্ষে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

রাজধানী ওয়াশিংটন ডিসির ফায়ার অ্যান্ড ইএমএস বিভাগের যোগাযোগ প্রধান ডগ বুকানন জানান, সংঘর্ষে চার জনকে ছুরিকাঘাত করা হয়েছে। তাদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ২৩ জনকে আটক করা হয়েছে বলে নিউইয়র্ক টাইমস জানিয়েছে।

শুক্রবার চারটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে নির্বাচনের ফল পাল্টে দিতে ট্রাম্প শিবিরের করা আবেদন খারিজ করে দেয় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।

জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিনের ফলাফল বাতিলের জন্য আবেদন জানিয়েছিল ট্রাম্প শিবির। চার অঙ্গরাজ্যেই আনুষ্ঠানিকভাবে জিতেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

আবেদন খারিজের পরদিন ট্রাম্পের সমর্থনে কয়েক হাজার বিক্ষোভকারী ওয়াশিংটনের রাস্তায় নেমে আসেন।

রাজধানীর অলিম্পিয়া, আটলান্টা, মিনেসোটার সেন্ট পল, নেব্রাস্কা, আলাবামা ও অন্যান্য শহরগুলোতেও সমাবেশ করেন তারা।

৩ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পকে হারান বাইডেন। শুরু থেকে ট্রাম্পের দাবি, নির্বাচনে কারচুপি হয়েছে। সেই সঙ্গে নিজেকে জয়ী বলে ঘোষণা দিয়ে আসছেন তিনি।

এদিকে আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন বাইডেন। এর মধ্যে মন্ত্রিসভা সদস্যদের নামও ঘোষণা করেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত