নার্সকে দিয়ে যুক্তরাষ্ট্রে করোনার টিকাদান শুরু

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ১০:১১ পিএম

করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু করেছে যুক্তরাষ্ট্র। সোমবার এক নার্স প্রথম এ টিকা নেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থা পাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি সংস্থা বায়োএনটেকের বানানো করোনার টিকা বিতরণ করছে যুক্তরাষ্ট্রে। গত শুক্রবার টিকাটি অনুমোদন দেয় ট্রাম্প প্রশাসন। 

সোমবার যুক্তরাষ্ট্রজুড়ে ১৫০ হাসপাতালে কয়েক মিলিয়ন টিকা বিতরণ করা হচ্ছে। প্রথম টিকাটি নেন নিউইয়র্কের লং আইল্যান্ডের একটি ইনটেন্সিভ কেয়ারের একজন নার্স।

টিকাদান কর্মসূচি শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন সকালে টুইট করে সবাইকে অভিনন্দন জানান তিনি।

ধারণা করা হচ্ছে, মহামারি প্রতিরোধে এটিই বিশ্বের সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি। আগামী বছরের এপ্রিলের মধ্যে ১০০ মিলিয়ন মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

করোনার শুরু থেকে মৃত ও আক্রান্তের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত এক কোটি ৬৭ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৩ লাখ ৬ হাজার ৫২৯ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত