উদীচীর সাম্প্রদায়িকতাবিরোধী অনুষ্ঠানে মৌলবাদীদের প্রতিহত করার আহ্বান

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ০৮:২৪ পিএম

অসাম্প্রদায়িক চেতনার মানুষদের ঐক্যবদ্ধ হয়ে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছে উদীচী শিল্পীগোষ্ঠী। মঙ্গলবার বিকেলে বিজয় দিবস উপলক্ষে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সাম্প্রদায়িকতাবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে দেশের অন্যতম প্রাচীন সাংস্কৃতিক সংগঠনটি।

সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে বক্তব্য রাখেন উদীচীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান, সাগর লোহানী প্রমুখ।

উদীচীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন বলেন, ক্ষমতাসীনদের প্রশ্রয় পেয়ে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী স্বাধীনতার চেতনাকে মুছে দিতে চায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার সাহস দেখায়। ভাস্কর্য বিরোধিতার আড়ালে মৌলবাদীরা সংবিধানবিরোধী বক্তব্য দিয়ে চলেছে। তারা আমাদের বাহাত্তরের সংবিধানকে অস্বীকার করছে। আমাদের দুর্ভাগ্য, স্বাধীনতার ৫০ বছরে যেসব সরকার দেশ পরিচালনা করেছে, তারা বাহাত্তরের সংবিধান থেকে সরে এসে রাষ্ট্রকে ক্রমাগতভাবে ধর্মীয় রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। এই অবস্থায় অসাম্প্রদায়িক চেতনার সকলকে এক হয়ে এই ধর্মান্ধ, উগ্র-মৌলবাদীদের প্রতিহত করতে হবে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি উদীচীর শিল্পী আসিফ নূর ও রুমি প্রভা ফুটিয়ে তোলেন মৌলবাদীদের হুমকিতে সরিয়ে ফেলা বিমানবন্দরের লালন ভাস্কর্য ও হাইকোর্টের জাস্টিস লেডির ভাস্কর্যের অবয়ব। এর পাশেই ক্যানভাসে সাম্প্রদায়িকতাবিরোধী প্রতিবাদী চিত্রাঙ্কন করেন চার শিল্পী আব্দুল মান্নান, কিরীটি রঞ্জন বিশ্বাস, অমিত সাহা সুমিত ও সনাতন মালো উল্লাস। সাংস্কৃতিক অনুষ্ঠানে গণসংগীত ও বাউল সংগীত পরিবেশন করেন শিল্পীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত