নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ইঁদুর মারার জন্য নিজের পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জীবন মিয়া (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে কলমাকান্দা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
নিহত কিশোর উপজেলার নাজিরপুর ইউনিয়নে গনিয়ারগাঁও গ্রামের সোলায়মান মিয়ার ছেলে। তিনি কৃষি কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার রাতে কৃষি কাজে ব্যবহৃত নিজেদের সাব-মারজিবল পাম্প চালনার জন্য পাম্পের কাছে যান জীবন মিয়া।
সেখানে ইঁদুর মারার ফাঁদের জন্য পাম্পের সুইচ বোর্ডের সঙ্গে বিদ্যুতের সংযোগ দেয়। পরে নিজের পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হন জীবন মিয়া। বেশ কিছুক্ষণ পরে নিহতের মামা রিপন মিয়া পাম্পের কাছে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. ইকরামুল হক জানান, হাসপাতালে আনার পূর্বেই জীবন মিয়ার মৃত্যু হয়েছে।
কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, এ ঘটনায় মঙ্গলবার সকালে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
