গোপালগঞ্জ শিশু পরিবারের এক শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে ধোঁয়াশা

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ০৮:০৮ পিএম

গোপালগঞ্জ শিশু পরিবারের এক শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে ধোয়াশার সৃষ্টি হয়েছে। শিশু পরিবার কর্তৃপক্ষ এটিকে আত্মহত্যা বললেও ওই শিশুটির পরিবার হত্যাকান্ড বলছেন।

জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন শিশুটির মৃত্যু রহস্য উদঘাটনে কাজ করে যাচ্ছেন। জেলা প্রশাসক শাহিদা সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গোপালগঞ্জের পাশ্ববর্তী নড়াইল জেলার নড়াগাতি থানার তেলকাড়া গ্রামের ইঞ্জিল খার ছেলে জোবায়ের রহমান (১২) নামের ওই শিশুটি গোপালগঞ্জ জেলা সদরে অবস্থিত শিশু পরিবারের ৪র্থ শ্রেণির ছাত্র। 

মঙ্গলবার দুপুরে শিশু পরিবারের দোতালার বেলকোনিতে থাকা কাপড় শুকানো বাঁশের সাথে গামচা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পেয়ে কর্তৃপক্ষ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক মো. মোশারফ হোসেন জানিয়েছেন, শিশুটি খেলতে খেলতে গামছায় গলায় ফাঁস লাগতে পারে । শিশুটির সাথে প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থীরও মনোমালিন্য ছিল বলে তার জানা নেই।

তিনি বলেন, সাজেদুল ইসলাম নামে তার এক সহপাঠী প্রথমে ঝুলন্ত অবস্থায় দেখে খবর দিলে সবাই বিষয়টি জানতে পারি।

মৃত শিক্ষার্থীর খালু তারেক শেখ জানান, তার ভাগ্নেকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, শিশুটির স্বজনরা মৌখিকভাবে অভিযোগ করেছেন যে, শিশুটিকে হত্যা করা হয়েছে। আমরা পুলিশের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিতে বলেছি।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেছেন, এটি অত্যন্ত দুঃখের বিষয়। আমি পুলিশকে বলেছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত