ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মোহা. জাহাঙ্গীর হোসেন। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আবদুল লতিফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ ডিসেম্বর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণ প্রক্টর হিসেবে এক বছর দায়িত্ব শেষ করেন। তার স্থলে নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মোহা. জাহাঙ্গীর হোসেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম তাকে ২৩ ডিসেম্বর থেকে পরবর্তী এক বছরের জন্য নিয়োগ দিয়েছেন।
নবনিযুক্ত প্রক্টর জাহাঙ্গীর বলেন, ‘আমাকে ক্যাম্পাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ। আমার দায়িত্ব যথার্থভাবে পালনের জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সহযোগিতা কামনা করছি।’
