ধামরাইয়ে ধানের শীষের এজেন্ট নেই বেশির ভাগ কেন্দ্রে

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১২:৪৭ পিএম

প্রথম ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ঢাকার ধামরাইয়ে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। তবে বেশির ভাগ কেন্দ্র ঘুরে দেখা গেছে ধানের শীষ প্রতীকের কোনো এজেন্ট সেখানে নেই।

এছাড়া কাউন্সিলর প্রার্থীদের মাঝেও দলীয় লোকজনের প্রভাব লক্ষ্য করা গেছে। 

পৌরসভার কুমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, একজন নারী নৌকা এবং কাউন্সিলর প্রার্থী সাহেবের পানির বোতল ব্যাচ পরে প্রতিটি ভোটকক্ষে গিয়ে সমস্যার সৃষ্টি করছেন। তার ব্যবহারে ভোটকক্ষে থাকা অন্যান্য প্রার্থীর এজেন্টসহ দায়িত্বপ্রাপ্ত আনসার কর্মকর্তারাও বিরক্তি বোধ করছেন।

পৌরসভার কুমরাইল মহল্লার মর্নিং ডিউ স্কুল অ্যান্ড কলেজের প্রিসাইডিং অফিসার মো. ওবাইদুল্লাহ বলেন, আমার সেন্টারে মোট ১৮ হাজার ৪২ ভোটার ভোট দেবে। প্রথম দুই ঘণ্টায় ১৭২টি ভোট কাস্ট হয়েছে। এভাবে চলতে থাকলে সারা দিনে ৩০ থেকে ৪০ ভাগ ভোট কাস্ট হওয়ার সম্ভাবনা আছে। 

তিনি আরও বলেন, প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ায় ভোটাররা কিছুটা সময় নিচ্ছে বোঝার জন্য। পাশাপাশি মেশিন ধীর গতিতে কাজ করায় এবং অনেকের আঙুল ম্যাচ না করায় অনেক বেশি সময় লাগছে।

এ ছাড়া বিএনপি প্রার্থীর এজেন্টের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে কাগজপত্র জমা দিয়েছিল কিন্তু কোনো প্রার্থী এখন পর্যন্ত সেন্টারে আমি দেখতে পাইনি। 

একই অবস্থা কোমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ অন্যান্য কেন্দ্রগুলোতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত