কুড়িগ্রাম পৌরসভায় মেয়র পদে নৌকার জয়

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ০৮:৪৬ পিএম

কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. কাজিউল ইসলাম নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১৯ হাজার ৭৭৩। তিনি ১৪ হাজার ৩০৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম বিএনপি সমর্থিত প্রার্থী মো. শফিকুল ইসলাম বেবু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৪৬৮ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. আবু বকর সিদ্দিক নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ২৯৩ ভোট। এ ছাড়া বাংলাদেশ ইসলামি শাসনতন্ত্র আন্দোলন সমর্থিত প্রার্থী আব্দুল মজিদ হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৫৮ ভোট। আওয়ামী লীগের বহিষ্কৃত প্রার্থী মো. সাইদুল হাসান দুলাল জগ প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ৮৩৭ ভোট।

জেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর আলম রাকিব নির্বাচনের ফলাফলের সত্যতা নিশ্চিত করে জানান, ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তুচ্ছ দু’একটি ঘটনা ছাড়া আনন্দমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। কোনো অনিয়ম ও ভোট জালিয়াতির অভিযোগ পাওয়া যায়নি।

এবারের কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী পাঁচজন, আট ওয়ার্ডে কাউন্সিলর ৩৯ এবং তিন সংরক্ষিত ওয়ার্ডে ১৩ নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেন। এ পৌরসভার ২৪ কেন্দ্র ও ১৭৩টি কক্ষে ভোট হয়।

কুড়িগ্রাম পৌরসভায় মোট ভোটার ৫৬ হাজার ৩৯৫। এর মধ্যে নারী ভোটার ২৯ হাজার ৪৮ এবং পুরুষ ভোটার ২৭ হাজার ৩৪৭।

প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে এবার নির্বাচন অনুষ্ঠিত হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত