কুষ্টিয়ার খোকসা পৌরসভায় বিপুল ভোটে নৌকা প্রতীক বিজয়ী

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১০:৪০ পিএম

কুষ্টিয়ার খোকসা পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হলেও ধীর গতিতে সম্পন্ন হয়েছে। মেয়র পদে বিপুল ভোটে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র তরিকুল ইসলাম তারিক জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৯হাজার ৩শ ৭ ভোট।

তার নিকটতম এবং একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ও ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজু আহমেদ তাতারি ভোট পেয়েছেন ১হাজার ৫শ ৮৩ ভোট।

বেসরকারি ভাবে ঘোষিত এই ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনছার। প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করছেন নির্বাচন কমিশন। 

সোমবার সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ৯টি ওয়ার্ডে স্থাপিত ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটাররা ভোট প্রদান করেছেন। এ জন্য ভোট কেন্দ্রগুলোতে ৭২টি ইভিএম মেশিন স্থাপন করেছেন নির্বাচন কমিশন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু আনছার জানান, এই নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুজন প্রার্থী নৌকা ও ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি ওয়ার্ডে ৩১জন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরের তিন পদে ১০ জন মহিলা নির্বাচনে অংশ নিয়েছে। এ পৌরসভায় মোট ভোটার ১৪ হাজার ৯শ’ ৪০ জন। এর মধ্যে নারী ভোটার ৭ হাজার ৪শ’ ৮৯ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত