বিপর্যস্ততার অনুপাতে ত্রাণ বরাদ্দের তাগিদ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ১২:০৭ এএম

কভিড-১৯ মহামারী এবং সাম্প্রতিক বন্যায় সিরাজগঞ্জের মতো তুলনামূলকভাবে বেশি দুর্যোগপ্রবণ চর এলাকায় উদ্ভূত পরিস্থিতির কারণে নেওয়া ত্রাণ ও কৃষি পুনর্বাসন কর্মসূচির যথাযথ বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার কার্যকারিতা বাড়ানো দরকার। আর সেজন্য বিশদ ডাটাবেজ তৈরিসহ ত্রাণ বিতরণ সম্পর্কিত অবাধ তথ্য প্রবাহ ও তথ্য প্রচারের মাধ্যমে সচেতনতা বাড়ানো জরুরি। একই সঙ্গে ত্রাণসহ অন্যান্য সরকারি সহায়তার ক্ষেত্রে জনসংখ্যার পরিবর্তে মূল মাপকাঠি হিসেবে বিবেচ্য হতে পারে বিপন্নতা। গতকাল ‘করোনা ও বন্যা  মোকাবিলায় ত্রাণ কর্মসূচি এবং কৃষি প্রণোদনা : সরকারি পরিষেবার কার্যকারিতা’ শীর্ষক ভার্চুয়াল সংলাপে এই কথা বলেন বক্তারা।

সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) ও অক্সফাম ইন বাংলাদেশ পরিচালিত এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ‘গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ’ শীর্ষক প্রকল্পের আওতায় সংলাপটি আয়োজিত হয়।

করোনার প্রভাব দেশের উন্নয়ন যাত্রায় সুদূরপ্রসারী চিহ্ন রেখে যাবে বলে ধারণা করা হচ্ছে। এর প্রেক্ষাপটে সাম্প্রতিক বন্যা সিরাজগঞ্জের মতো দারিদ্র্যপ্রবণ জেলাগুলোর পরিস্থিতি আরও সংকটময় করেছে। সিপিডির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট মুনতাসির কামাল মূল প্রতিবেদনে এই বিষয়গুলো তুলে ধরেন।

এই প্রতিবেদনে উঠে এসেছে, প্রণোদনার সহায়তা চাহিদার তুলনায় অপ্রতুল। ত্রাণ সেবা সম্পর্কিত ‘হটলাইন’ নম্বরসহ প্রযুক্তিভিত্তিক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে স্থানীয় পর্যায়ের সুবিধাভোগীরা এখনো সচেতন নন। সুবিধাভোগী নির্বাচন অনেক  ক্ষেত্রেই অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হয়নি।

এ মূল্যায়নের ভিত্তিতে সুপারিশ রাখা হয়, সঠিক চাহিদা নিরূপণ এবং সে অনুযায়ী বরাদ্দ নির্ধারণে স্থানীয় পর্যায়ের দরিদ্র, জনঘনত্ব, বেকারত্বের হার ইত্যাদি বিবেচনায় নিতে হবে। এক্ষেত্রে স্থানীয় পর্যায়ে আর্থ-সামাজিক সূচকসমৃদ্ধ একটি বিশদ ডাটাবেজ তৈরি করা জরুরি। ত্রাণ সেবা সংক্রান্ত প্রযুক্তিনির্ভর উদ্যোগ সম্পর্কে জনসাধারণের সচেতনতা বাড়াতে হবে। সুবিধাভোগী নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বাড়াতে বাস্তবায়ন নির্দেশিকা অনুযায়ী প্রচার-প্রচারণা নিশ্চিত করতে হবে।

সংসদ সদস্য মো. হাবিবে মিল্লাত ত্রাণ ও প্রণোদনা সরবরাহে অপ্রতুলতার কথা স্বীকার করে বলেন, অনিয়মের অভিযোগগুলোর ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতের চ্যালেঞ্জগুলোকে আরও ভালোভাবে মোকাবিলার আশা প্রকাশ করেন।

সংলাপের আরেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় বলেন, অপ্রতুলতা থাকলেও করোনা মোকাবিলা ও ত্রাণ বিতরণে স্থানীয় প্রশাসন স্বচ্ছভাবে কাজ করেছে। দুর্যোগপূর্ণ এলাকা উত্তরাঞ্চলে প্রণোদনা বরাদ্দের ক্ষেত্রে বিশেষ মনোযোগ প্রয়োজন। কৃষি কার্ড হালনাগাদ এবং তা ডিজিটাল করায় গুরুত্ব আরোপ করেন। সিপিডি সংলাপে সভাপতিত্ব করেন সম্মাননীয় ফেলো অধ্যাপক  মোস্তাফিজুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত