জন্মবার্ষিকীতে হবে সংগীতজ্ঞ আজাদ রহমানের ওয়েবসাইট উদ্বোধন

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ০৪:২৬ পিএম

সংগীতজ্ঞ আজাদ রহমানের ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জীবন ও কর্মভিত্তিক ওয়েবসাইট উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

একটি অনলাইন প্ল্যাটফর্মে ১ জানুয়ারি ওয়েবসাইটটি উদ্বোধন করা হবে।

সংগীতজ্ঞ আজাদ রহমান একজন প্রখ্যাত সংগীত পরিচালক, গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও মেন্টর। তিনি দেশে ও বিদেশে অসংখ্য সংগীত অনুসারী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের কাছে অতুলনীয় শ্রদ্ধার পাত্র।

আজাদ রহমান ছিলেন একজন দক্ষ শাস্ত্রীয় সংগীত শিল্পী এবং বাংলা ভাষায় হিন্দুস্তানি ধ্রুপদি সংগীতকে জনপ্রিয় করার একজন পথিকৃৎ, যা  ‘বাংলা খেয়াল’ নামে পরিচিত। পিয়ানোবাদনেও তার অসাধারণ নৈপুণ্য ছিল। ২০২০  সালের  ১৬ মে এই সংগীত গুরু চির বিদায় নিয়েছেন। 

আজাদ রহমানের ৭৭ তম জন্মবার্ষিকী (১ লা জানুয়ারি) উপলক্ষে তার তিন কন্যা রুমানা আজাদ, রোজানা আজাদ এবং নাফিসা আজাদ তার জীবন ও কর্মভিত্তিক একটি ওয়েবসাইট তৈরি করেছেন।

এতে তার জীবন, কর্ম, সংগীত অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে তার অবদান সম্পর্কে তথ্য রয়েছে । এছাড়াও ওয়েবসাইটে এই মহান সংগীত সাধককে নিয়ে পর্যায়ক্রমে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের স্মৃতিচারণ প্রকাশ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন শাস্ত্রীয় সংগীতের পুরোধা ব্যক্তিত্ব পণ্ডিত অমরেশ রায় চৌধুরী (বাংলাদেশ), ড. প্রদীপ কুমার ঘোষ (ভারত) এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সাবেক অধ্যাপক অধ্যাপক কাবেরী কর প্রমুখ।

আগামী ২০২১ সালের ২রা  জানুয়ারি www.azadrahaman.com ওয়েবসাইটটি সবার জন্য উন্মুক্ত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত