যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট স্থগিতের সুপারিশ সংসদীয় কমিটির

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ১০:০০ পিএম

যুক্তরাজ্যের সঙ্গে সাময়িকভাবে ফ্লাইট স্থগিতের সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কোভিড-১৯ ভ্যাকসিন বিতরণে যেন কোনো অনিয়ম-দুর্নীতি না হয় এ বিষয়েও মন্ত্রণালয়কে সতর্ক করেছে কমিটি।

বুধবার জাতীয় সংসদ ভবনে নয় মাস পর কমিটির বৈঠক থেকে এসব সুপারিশ আসে। আওয়ামী লীগের সংসদ সদস্য ও স্থায়ী কমিটির চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম বৈঠকের সভাপতিত্ব করেন।

সভা শেষে শেখ সেলিম সাংবাদিকদের বলেন, যুক্তরাজ্যের সঙ্গে অন্তত এক বা দুই সপ্তাহের জন্য ফ্লাইট স্থগিত এবং যুক্তরাজ্যের কোভিড-১৯ পরিস্থিতি পর্যবেক্ষণের সুপারিশ করে কমিটি।

এর আগে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম মাহবুব আলী সম্প্রতি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পাশাপাশি সরকারের উচ্চ পর্যায় থেকে যুক্তরাজ্যের কোভিড-১৯ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

যুক্তরাজ্যে করোনার নতুন স্ট্রেইন পাওয়া এবং সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে বিশ্বের অনেক দেশের সঙ্গে তাদের যোগাযোগ বন্ধ রয়েছে। বাংলাদেশেও করোনার নতুন এ স্ট্রেইন পাওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত