এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ: অভিযোগ গঠন ১০ জানুয়ারি

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ০৮:৫৫ পিএম

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে (১৯) গণধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার অভিযোগ গঠন পিছিয়ে আগামী ১০ জানুয়ারি নির্ধারণ করেছে আদালত।

রবিবার অভিযোগ গঠনের নির্ধারিত তারিখ থাকলেও আসামিপক্ষের আবেদনের  পরিপ্রেক্ষিতে তা পিছিয়ে ১০ জানুয়ারি নির্ধারণ করে আদালত। ধর্ষণ মামলার অভিযোগপত্র নিয়ে আপত্তি (নারাজি) জানাতে আদালতের কাছে সময় প্রার্থনা করলে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহিতুল হক এক সপ্তাহের সময় দেন বলে সাংবাদিকদের জানিয়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রাশিদা সাইদা খানম।

এদিকে আদালতে জামিন চেয়ে আবেদন করেছেন মামলার অভিযুক্ত আসামি শাহ মাহবুবুর রহমান রনি। আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

পিপি রাশিদা সাইদা খানম জানান, মামলার আসামিপক্ষ এই সময়ের মধ্যে অভিযোগপত্র পর্যালোচনা করবে। তাদের নারাজি না থাকলে অভিযোগ গঠনের মধ্য দিয়ে চাঞ্চল্যকর এই মামলার বিচারকাজ শুরু হবে। গতকাল নির্ধারিত তারিখে মামলার ৮ আসামিকেই আদালতে হাজির করা হয়েছিল।

এর আগে গত ৩ ডিসেম্বর সিলেটের মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আবুল কাশেমের আদালতে ৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা, পুলিশের উপ-পরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য। অভিযোগপত্রে সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল ও মিসবাউল ইসলাম রাজন মিয়াকে সরাসরি ধর্ষণে সম্পৃক্ত এবং রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুমকে ধর্ষণের সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়েছে। এই ৮ জনই বর্তমানে কারাগারে রয়েছেন।

গত ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত