দুর্নীতির মামলায় ১৩ বছরের কারাদ-প্রাপ্ত বিএনপি নেতা, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মীর মো. নাছির উদ্দিনকে জামিন দিয়েছে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ গতকাল রবিবার শুনানি শেষে এ আদেশ দেয়।
আদেশে বলা হয়, করোনা পরিস্থিতি বিবেচনায় জামিন দেওয়া হলো।
নাছিরের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ৬ মার্চ মীর নাছির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা করে দুদক। ওই বছরের ৪ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত মীর নাছিরকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় ১০ বছর ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে আরও তিন বছরের কারাদ- এবং বাবাকে দুর্নীতিতে সহযোগিতা করার অভিযোগে ছেলে মীর হেলালকে তিন বছরের কারাদ- দেয়। এ রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে ২০১৯ সালের ১৯ নভেম্বর সাজা বহাল রাখে হাইকোর্ট। একই সঙ্গে হাইকোর্টের এ রায়ের অনুলিপি বিচারিক আদালতের পৌঁছার পর তিন মাসের মধ্যে দুজনকে আত্মসমর্পণ করতে বলা হয় রায়ে।
