সুনামগঞ্জে চলন্ত বাসে ধর্ষণ চেষ্টা: ৩ দিনের রিমান্ডে বাস চালক

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ০৪:১৯ পিএম

সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামি বাস চালক শহীদ মিয়ার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজেশ বড়ুয়া জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাগীব নুরের আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে শহীদ মিয়াকে আদালতে নেয় পুলিশ।

গত ২ জানুয়ারি সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে শহীদকে গ্রেপ্তারের পর প্রধান কার্যালয়ে নিয়ে যায় সিআইডি। রবিবার রাতে তাকে দিরাই থানা পুলিশের কাছে হন্তান্তর করা হয়।

গত ২৭ ডিসেম্বর সিলেটের লামাকাজী এলাকা থেকে সুনামগঞ্জের দিরাই ফেরার পথে দিরাই পৌরসভার সুজানগর এলাকায় চলন্ত বাসের ভেতর ওই বাসের চালক, হেলপার ও কন্ডাকটরের দ্বারা ‘নির্যাতনের’ শিকার হন ভুক্তভোগী কলেজছাত্রী। 

তিনি আত্মরক্ষায় বাস থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসা শেষে তিনি বাড়ি ফেরেন।

সূত্র: ইউএনবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত