সততার সঙ্গে সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরতে হবে : শিক্ষামন্ত্রী

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ০৯:০১ পিএম

চাঁদপুর প্রেস ক্লাবের সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে। সোমবার সকাল ৯টায় স্বাস্থ্যবিধি মেনে প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।

সেখানে চাঁদপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক মোহাম্মদ হোসেন খান পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

সন্ধ্যায় সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি অনলাইনে যোগ দিয়ে বলেন, আমি সাংবাদিক পরিবারের সন্তান হওয়ায় সাংবাদিকদের যে কোনো সমস্যা আমাকে পীড়া দেয়। আমি চেষ্টা করি সব সময় সাংবাদিকদের পাশে থাকতে। চাঁদপুর প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আজ এই প্রতিষ্ঠানের সুবর্ণজয়ন্তীতে সবাইকে অভিনন্দন জানাই।

মন্ত্রী আরও বলেন, করোনায় অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানানোয় চাঁদপুর প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই। মানুষের কাজের মূল্যায়ন করা হলে তাদের কাজের প্রতি আগ্রহ আরও বেড়ে যায়।

তিনি বলেন, সততার সঙ্গে সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরতে হবে। সমাজের নানা অসংগতি তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সম্ভাবনার কথাও তুলে ধরতে হবে। সমাজকে এগিয়ে নিতে দুঃসাহসিকভাবে সত্যকে তুলে ধরতে হবে। আশা করি অতীতের মতো ভবিষ্যতেও আপনারা তা করতে অবিচল থাকবেন।

চাঁদপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এ এইচ এম আহসান উল্লাহ ও রহিম বাদশা অনুষ্ঠান সঞ্চালনা করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক ড. সেলিম মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মু. মফিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে করোনাকালীন সাধারণ মানুষের জন্য বিশেষ অবদান রাখায় চিকিৎসক, নার্স, সামাজিক সংগঠনসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এর আগে জেলার দুই শতাধিক সংবাদকর্মীকে নিয়ে সাংবাদিক সমাবেশ, প্রেস ক্লাব পরিবারের সদস্যদের নিয়ে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠান উদযাপিত হয়।

পরে ২০২১ সালের নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়। পরে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন সমাপ্ত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত