সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘তার বক্তব্য বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বাস্তব চিত্র। অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কারণে-অকারণে প্রতিদিন বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করে জনগণের কাছে একটি হাস্যকর চরিত্রে নিজেকে পরিণত করেছেন।’ গতকাল সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, ‘গত ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার পৌরসভার বটতলা চত্বরে সংবাদ সম্মেলনে আবদুল কাদের মির্জা বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের এমপিরা নির্বাচিত হওয়া দূরে থাক, পালানোর দরজাও খুঁজে পাবে না।’
