রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত যুবলীগ কর্মীর মৃত্যু

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ০১:৪৯ পিএম

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার রামগঞ্জ সোনাইমুড়ি সড়কের আলীপুর টেক নামকস্থানে সড়ক দুর্ঘটনায় আহত যুবলীগ কর্মী মো. আল আমিন রকি (২৮) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার সকাল ৭টায় তার মৃত্যু হয় বলে জানান তার বড় ভাই জামাল হোসেন।

নিহত আল আমিন রকি উপজেলার ৭ নম্বর দরবেশপুর ইউনিয়নের আলীপুর গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত আবু ইউছুফ মিস্ত্রির সেজো ছেলে।

নিহত রকির বড় ভাই ও স্থানীয় লোকজন জানান, সোমবার রাত ৯টায় আলীপুর ব্রিজ ও আলীপুর বাজারের মধ্যেবর্তী সড়কের আলীপুর টেক এলাকায় স্থানীয় যুবলীগ কর্মী রকি মোটরসাইকেলযোগে রামগঞ্জে আসার পথে একটি মালবাহী পিকআপের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।

স্থানীয় লোকজন দুর্ঘটনার খবরে দ্রুত ঘটনাস্থলে এসে রকিকে মারাত্মক আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ৭টায় তার মৃত্যু হয়।

রামগঞ্জ থানার ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র দাসসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পুলিশ মালবাহী পিকআপ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত