মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে যারা ক্যাপিটল ভবনে হামলা চালিয়েছেন, তাদের বরখাস্ত করছে বিভিন্ন প্রতিষ্ঠান।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবি দেখে দেখে অনেক প্রতিষ্ঠান কয়েক জনকে শোকজ করেছে, কয়েক জনের চাকরি ইতিমধ্যে চলেও গেছে।
নাভিস্টার নামের একটি মার্কেটিং কোম্পানি জানিয়েছে, তাদের একজন কর্মী গলায় অফিসের আইডিকার্ড ঝুলিয়ে ক্যাপিটল ভবনের হামলায় অংশ নেন। তাকে বরখাস্তের নোটিশ পাঠানো হয়েছে।
সিএনএনের কাছে পাঠানো বিবৃতিতে কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা শান্তিপূর্ণ আন্দোলনের জন্য সব কর্মীকে সমর্থন করি। কিন্তু এভাবে বিপজ্জনক আন্দোলনের অংশ হওয়াটা আমরা মানবো না।’
স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অধিবেশন চলাকালে ট্রাম্পের শতশত সমর্থক ক্যাপিটল ভবনে হামলা চালান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে এলে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে এক নারীসহ চারজন প্রাণ হারান। এদের অধিকাংশই বিভিন্ন কট্টরপন্থী গ্রুপের সদস্য।
পুলিশ হামলাকারীদের ভবনটি থেকে সরিয়ে দেওয়ার পর অধিবেশন আবার শুরু হয় এবং যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কংগ্রেস সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে শেষ করেন।
কংগ্রেসের ওই যৌথ অধিবেশনে বাইডেন ও কমলা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়।
