শেখ ভানু শাহর জন্ম ১৮৪৯ সালে হবিগঞ্জে, মৃত্যু ১৯১৯ সালে। তার কথা ও সুরে বাংলার শ্রোতারা পেয়েছে কালজয়ী গান ‘নিশীথে যাইও ফুলবনে রে ভ্রমরা’।
পরবর্তীতে গানের কথায় কিছু পরিবর্তন আনেন পল্লীকবি জসিমউদদীন। আর গানটি প্রথম গ্রামোফোন রেকর্ডে তুলে ধরেন উপমহাদেশের আরেক কিংবদন্তি শচিন দেব বর্মণ। তিনি হিন্দি সংস্করণও বের করেছিলেন। একটি গেয়েছিলেন তিনি, অন্যটি করেছেন কিশোর কুমার।
সেই গানটি নতুন সংগীতায়োজনে নিজেদের কণ্ঠে তুলে নিলেন এ সময়ের জনপ্রিয় সংগীত জুটি দিলশাদ নাহার কনা ও ইমরান মাহমুদুল।
ডেডলাইন মিউজিকের ব্যাপারে শুক্রবার গানটি প্রকাশ হয়েছে ইউটিউবে। প্রযোজনা করেছেন ফাহিম ইসলাম।
গানটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ইমরান বলেন, “দারুণ একটা কাজের অংশীদার হলাম প্রথমবারের মতো। ধন্যবাদ ডেডলাইন মিউজিক ও ফাহিম ইসলামকে, তাদের এই ফোক প্রজেক্টে আমাকে সঙ্গী করার জন্য।
আশা করি আমার দর্শক-শ্রোতাদের গানটি ভালো লাগবে, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করার অনুরোধ থাকলো।”
‘নিশীথে যাইও ফুলবনে’র এ সংস্করণে সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।
