রাতে নিখোঁজ, দুপুরে বাঁশঝাড়ে মিলল কিশোরের মরদেহ

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ০২:০৫ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে সনাতন বর্মণ (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর ১২টায় উপজেলার বাগজানা পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের হিন্দুপাড়ায় রঘুনাথ বর্মণের বাড়ির পাশে বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কিশোর পাঁচবিবি উপজেলার বাগজানা ইউপি’র খোরদ্দা গ্রামের নবদীপ বর্মণের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাত ৮টার পর থেকে ওই কিশোর বাড়ি থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পায়নি পরিবার। রবিবার দুপুরে প্রতিবেশী এক নারী বাঁশঝাড়ে পাতা নিতে গিয়ে মরদেহটি দেখে চিৎকার করেন। তখন স্থানীয়রা ছুটে এসে জানা যায় মরদেহটি সনাতনের। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, মরদেহটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত