কালকিনিতে নিখোঁজের ১১ মাস পর সেপটিক ট্যাংক থেকে মুর্শিদা আক্তার (১৬) নামে এক কিশোরীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পূর্ব বোতলা গ্রামের কথিত প্রেমিক সাহাবুদ্দিন আকনের বাড়ির সেপটিক ট্যাংক থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বোতলা গ্রামের দশম শ্রেণি পড়ুয়া মুর্শিদার সঙ্গে একই গ্রামের মজিদ আকনের ছেলে সাহাবুদ্দিনের প্রেমের সম্পর্ক ছিল। গত বছরের ফেব্রুয়ারিতে নিখোঁজ হয় মুর্শিদা। ওই ঘটনায় সাহাবুদ্দিনকে আসামি করে থানায় একটি মামলাও হয়। এতদিন ধরে পলাতক ছিল সে। গত বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে সাহাবুদ্দিন। পরে তার দেওয়া তথ্যমতে শনিবার সন্ধ্যায় তার বাড়ির সেপটিক ট্যাংক থেকে মুর্শিদার কঙ্কাল উদ্ধার করে পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
