ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, রূপনগর আবাসিক এলাকা থেকে রূপনগর খাল দিয়ে নৌকায় তুরাগ নদীতে যেতে চাই। গতকাল বুধবার দুপুর ১২টায় রূপনগর খাল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে সম্প্রতি পরিষ্কার করা রূপনগর খাল পাড় দিয়ে হেঁটে প্রায় এক কিলোমিটার ঘুরে দেখেন তিনি। পরে রূপনগর আবাসিক এলাকার একটি সড়কের ওপর বাচ্চাদের সঙ্গে কিছুক্ষণ ক্রিকেটও খেলেন মেয়র।
আতিকুল ইসলাম বলেন, ‘রূপনগর খালে আগে প্রচুর আবর্জনা ছিল। আমরা সেগুলো পরিষ্কার করেছি। প্রতিদিন ৫০ থেকে ৬০ জন কর্মী কাজ করে ১৫ দিনে খালটি পরিষ্কার করা হয়। এটি প্রায় দুই কিলোমিটার লম্বা এবং সর্বোচ্চ ৬০ ফুট চওড়া। এখন কাজ হচ্ছে খাল এবং এর আশপাশের অংশ সুন্দর করা। খালের পাড়ে প্রাথমিকভাবে গাছ লাগানো হবে। এরপর সাইকেল লেন তৈরি করা হবে। এই খালের সঙ্গে তুরাগ নদীর সংযোগ করা হবে।’
