নরসিংদীর মনোহরদী পৌরসভার দ্বিতীয়বারের মত আওয়ামী লীগের প্রার্থী আমিনুর রশিদ সুজন নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয় লাভ করেছেন। আমিনুর রশিদ সুজন নৌকা প্রতীকে ৮৮৮২ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. মাহমুদুল হক পেয়েছেন ৫৮৫ ভোট।
কোন প্রকার সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পৌরসভায় মোট ভোটার ১৩৭৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৫৮০ জন, মহিলা ভোটার ৭২১৮ জন।
নির্বাচনে মোট ৯টি ভোট কেন্দ্রের ৪০টি বুথে ভোটগ্রহণ করা হয়। এ ছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ৩০ জন প্রার্থী কাউন্সিলর এবং ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মনোহরদী পৌরসভার রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন বলেন, সকাল থেকেই ভোট কেন্দ্র গুলোতে স্বাভাবিক ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট কেন্দ্রে গুলোতে ভোটারদের উপস্থিতির ব্যাপক সাড়া পেয়েছি। নির্বাচনে মোট ভোট পড়েছে ১০২৫০ টি। এর মধ্যে বাতিল হয়েছে ৯টি ভোট।
মনোহরদী পৌরসভা নির্বাচনে ৯টি কেন্দ্রে ৯টি মোবাইল টিম, তিনটি স্ট্রাইকিং ফোর্স, দুটি গোয়েন্দা শাখা (ডিবি) টিম, ৭টি পুলিশ চেকপোস্ট, প্রতিটি কেন্দ্রে ৮ জন পুলিশ ও ৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন।
