গত বছরের ১-১০ এপ্রিলে হওয়ার কথা ছিল দেশের সবচেয়ে বড় ক্রীড়া আসর বাংলাদেশ গেমস। কিন্তু করোনায় অনির্দিষ্টকালের জন্য তা স্থগিত হয়ে যায়। ঠিক এক বছর পিছিয়ে আগামী ১-১০ এপ্রিল অনুষ্ঠিত হবে ‘বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস’। ৩১টি খেলাই থাকছে।
বাংলাদেশ অলিম্পিক নামে প্রথমবার এই গেমস হয়েছিল ১৯৭৮ সালে। সর্বশেষ গেমসটি (৮ম) হয় ২০১৩ সালে। কথা ছিল, ২০১৭ সালে আবার হবে। কিন্তু ২০১৮ সালে প্রথমবার যুব গেমস আয়োজন করায় সে সময় বাংলাদেশ গেমস পিছিয়ে যায়।
গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভায় আরও সিদ্ধান্ত হয়েছে, ১-১৯ সেপ্টেম্বর তুরস্কে অনুষ্ঠেয় পঞ্চম ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ ১৩টি খেলায় অংশ নেবে। এগুলো হচ্ছে- অ্যাথলেটিকস, আর্চারি, বাস্কেটবল, ফেন্সিং, ফুটবল, জিমন্যাস্টিকস, কারাতে, হ্যান্ডবল, সাঁতার, তায়কোয়ান্দো, ভলিবল, ভারোত্তোলন ও কুস্তি।
চূড়ান্ত হয়েছে আগামী বছরের সেপ্টেম্বরে চীনের হ্যানজংয়ে নির্ধারিত ১৯তম এশিয়ান গেমসে বাংলাদেশের ১৭টি খেলায় অংশ নেওয়া। ২০১৮ জার্কাতা এশিয়ান গেমসে ক্রিকেট ছিল না। ২০২২-র গেমসে ক্রিকেট থাকছে। বাকি ১৬টি খেলা হচ্ছে- সাঁতার, অ্যাথলেটিকস, বাস্কেটবল, আর্চারি, ফেন্সিং, ফুটবল, গলফ, জিমন্যাস্টিকস, হকি, কাবাডি, কারাতে, ব্রিজ, রোলার স্কেটিং, ব্রিজ, তায়কোয়ান্দো ও ভারোত্তোলন।
এর মধ্যে নতুন যুক্ত হয়েছে ফেন্সিং, জিমন্যাস্টিক, রোলার স্কেটিং। বাদ পড়েছে বিচ ভলিবল ও রোইং।
