মিয়ানমারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সীমান্তে কোনো শঙ্কা নেই: সেনাপ্রধান

আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ০৯:১৮ পিএম

মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে, এই মুহূর্তে সীমান্ত এলাকায় কোনো শঙ্কা নেই।

রবিবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ টরকী এলাকায় আব্দুল ওয়াদুদ সরকার ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ হাসপাতাল উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, আমি একাধিকবার মিয়ানমার ভিজিটে গিয়েছি। সেসময় মিয়ানমারের সেনা প্রধান ছাড়াও তাদের নৌ ও বিমানবাহিনী প্রধানেরা দ্বিপক্ষীয় মিটিং এ ছিলেন। তখন তারা আমাকে আশ্বাস দিয়েছে যে, তাদের সীমান্তবর্তী এলাকায় তাদের অভ্যন্তরীণ সমস্যা থাকায় তারা অভিযান চালাচ্ছে। যার কারণে তাদের সীমান্তে মাঝে মাঝে জনবল বৃদ্ধি করছে। তাদের সঙ্গে বাংলাদেশের বন্ধুপ্রতিম সম্পর্কের কথা উল্লেখ করে এই বিষয়টা যেন অন্যভাবে চিন্তা না করার অনুরোধ জানায় তারা।

জেনারেল আজিজ বলেন, আমাদের সঙ্গে মিয়ানমারের সেনাপ্রধানের যোগাযোগ আছে। যখনই কোনো কিছু হয়, তা যোগাযোগের মাধ্যমে সমাধান করে থাকি। এই মুহূর্তে তেমন কিছু হওয়ার মতো পরিস্থিতি নেই।

এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, রোহিঙ্গাদের বিষয়টি রাজনৈতিক। এ ব্যাপারে আমাদের সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে, আগামী দিনেও করবে বলে মন্তব্য করেন তিনি।

জেনারেল আজিজ বলেন, সাংবিধানিক ভাবে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু দায়বদ্ধতা রয়েছে। দেশের যে কোনো প্রয়োজনে সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো কাজ করতে আমরা বাধ্য। এই করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে আমরা কাজ করে যাচ্ছি। জীবনের ঝুঁকি নিয়ে ১১শ’ থেকে ১২শ’ গাড়ি নিয়ে সেনা সদস্যরা দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে গিয়েছে। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি খাদ্য সহায়তা প্রদান ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছি। সেনাবাহিনী অতীতেও বিভিন্ন দুর্যোগে দায়িত্ব পালন করেছে, ভবিষ্যতেও যদি কখনো কোনো দায়িত্ব আসে তা যথাযথভাবে পালন করবে। যেকোনো দুর্যোগে দায়িত্ব পালন করা সেনাবাহিনীর প্রশিক্ষণেরও একটা অংশ।

সেনাপ্রধানের পিতার নামে নির্মিত আব্দুল ওয়াদুদ সরকার ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ হাসপাতাল নির্মাণে ব্যয় হয়েছে ৪ কোটি ৬৯ লাখ টাকা।

অনুষ্ঠানে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নূরুল আমিন রুহুল, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান, চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. মো. শাখাওয়াত উল্লাহ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, সহ সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত