ফল আমদানিতে রাসায়নিকের মাত্রা পরীক্ষা করতে দেশের নয়টি স্থলবন্দরে প্রতিটিতে রাসায়নিক পরীক্ষাগার (কেমিক্যাল টেস্টিং ইনস্টিটিউট) স্থাপন করতে একমত হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এডিবি। স্থলবন্দরগুলো হলো ভোমরা, বুড়িমারী, হিলি, বাংলাবান্ধা, সোনামসজিদ, শ্যাওলা, তামাবিল, বিবিরবাজার ও টেকনাফ। স্থলবন্দরে কেমিক্যাল টেস্টিং ইউনিট স্থাপন করতে হাইকোর্টের রায় বাস্তবায়নের বিষয়ে এনবিআর গতকাল রবিবার হাইকোর্টে দেওয়া এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। দেশের স্থল ও নৌবন্দর দিয়ে কেমিক্যালযুক্ত ফল আমদানি রোধে ২০১০ সালে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) হাইকোর্টে একটি রিট আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি হাইকোর্ট এক আদেশে স্থল ও নৌবন্দরে ছয় মাসের মধ্যে কেমিক্যাল টেস্ট ইউনিট স্থাপন এবং আমদানি করা সব ফল কেমিক্যালমুক্ত নয় এমন নিশ্চিত হয়ে প্রবেশের ব্যবস্থা করতে এনবিআরকে নির্দেশ দেয়।
×
