কর্মচারীদের জিম্মি করে টেন্ডার বাক্স ভেঙে দরপত্র ছিনতাই

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ০৪:৫৭ পিএম

কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেন্ডার বাক্স ভেঙে প্রকাশ্যে ৪৫ লাখ টাকার দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। টেন্ডার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে, ঠিকাদারদের একটি গ্রুপ এ ঘটনা ঘটায় বলে জানা গেছে।

সোমবার সকাল ৯টায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকারের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ওই কর্মকর্তা উলিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের এমএসআর সামগ্রী ক্রয়ে দরপত্র আহ্বান করা হয়। সোমবার দুপুর ১২টা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়। সোমবার সকাল ৯টায় উপস্থিত কর্মচারীদের জিম্মি করে কার্যালয়ে রক্ষিত টেন্ডার বাক্সটি ভেঙে দাখিল দরপত্র ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাত সাত-আটজনকে বিবাদী করে উলিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। 

গত ৩০ ডিসেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের ওষুধ, সার্জিক্যাল যন্ত্রপাতি, লিনেন সামগ্রী, গজ-ব্যান্ডেজ-তুলা, কেমিক্যাল ও রিজয়েন্ট, আসবাব ও ক্রোকারিজ (এমএসআর) কিনতে ৪৫ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বলেন, সকাল ৯টায় সাত-আটজনের একটি দল দরপত্র জমা দেওয়ার কথা বলে আমার কক্ষে প্রবেশ করে। এ সময় উপস্থিত কর্মচারীদের জিম্মি করে টেন্ডার বাক্সের তালার ছিটকিনি ভেঙে দরপত্র ছিনিয়ে নিয়ে যায় তারা।

উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত