অল্প সময়ের মধ্যে যেভাবে প্রিলির প্রস্তুতি নেবেন

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ০৮:০৫ পিএম

কড়া নাড়ছে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। ইতিমধ্যে পরীক্ষার তারিখও ঘোষিত হয়ে গেছে। ফলে বিসিএস পরীক্ষার্থীদের ঘুম নেই হয়ে গেছে। করোনাকালে দীর্ঘ সময়জুড়ে প্রস্তুতি নিয়েও চিন্তার শেষ নেই। অনিশ্চয়তার এই সমুদ্র শেষমেশ পাড়ি দেয়া যাবে তো!

এর মধ্যে অনেকে আছেন শেষ মুহূর্তে সিরিয়াস হয়ে যান। আগের পড়া সবকিছু ভুলে গেছেন বা একেবারেই নতুন। এরপরেও কীভাবে শূন্য থেকে প্রিলির প্রস্তুতি নেবেন? সময় যেহেতু একেবারে কাছে শেষ চেষ্টা তো করায়ই যায়!   

১. বলা হয়ে থাকে, বিসিএসের সিলেবাস মানে অতল সমুদ্র। পড়ে শেষ করা যায় না। এখন যেহেতু সময় কম, ফলে বাজারের ভালো একটা সিলেবাস বই দেখে নিন, কী কী না পড়লেই নয় আর কী কী বাদ দিলেও চলে। অল্প সময়ে তো সবকিছু পড়া সম্ভব না।

২. পুরোনো প্রশ্নপত্র ঘেঁটে দেখবেন, অনেক টপিক থেকে তেমন একটা প্রশ্ন আসে না, আবার অনেক টপিক থেকে বারবার আসে। সেভাবে টপিক বাছাই করে ফেলুন।

৩. প্রশ্নপত্রের ধরন কেমন হতে পারে সেটি বোঝার জন্য প্রথমেই ১০ থেকে ৪০তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নগুলো দেখে নিন। বিগত বছরের প্রশ্নগুলোর জন্য বিসিএস প্রশ্নব্যাংক বা জব সলিউশন কিনতে পারেন। এখন ঘরে বসে বসে অনুশীলন শুরু করে দিন।

৪. বিসিএসের প্রস্তুতির জন্য শখানেক বই পড়ে ফেলার পরামর্শ দেয়া হয়। এতেই ভয় পেয়ে যায় যে কেউ। কিন্তু ভয়কে করতে হবে জয়। এত বই পড়ার দরকারও নেই, সময়ও নেই। বাজারের সবচেয়ে ভালো ও পরিপূর্ণ সাজেশানস বা রেফারেন্স বই কিনে নিন কয়েকটা। সেগুলোই ভালো করে রপ্ত করতে থাকুন।

৫. বিসিএসে ১০টি বিষয় থেকে প্রশ্ন আসে। বিষয়গুলো হচ্ছে- বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন। চেষ্টা করুন প্রতিটি বিষয়ের জন্য অন্তত একটি বই সংগ্রহ করতে।

৬. চাকরির প্রস্তুতি সংক্রান্ত মাসিক ম্যাগাজিনগুলোর প্রিলির বিশেষ সংখ্যা এবং প্রিলিমিনারি ডাইজেস্টগুলো সংগ্রহ করুন। সেখানে নিজের প্রস্তুতি ঝালাই করে নিন।

৭. শুধু বই পড়লেই হবে না, নিয়মিত পত্রিকা পড়ুন, টিভির সংবাদ দেখুন। মাঝেমধ্যে বাংলা, ইংরেজি বা বিদেশি সিনেমা দেখুন। গল্প, উপন্যাস ও কবিতা পড়ুন। এর ফলে বিনোদনও যেমন হবে অবচেতন মনে অনেক কিছু শেখাও হবে।

৮. শুধু একাকী প্রস্তুতি না নিয়ে, মাঝেমধ্যে গ্রুপ স্টাডিও করতে পারেন। সেক্ষেত্রে সমমনার কয়েকজন নিয়ে সপ্তাহে একদিন কয়েক ঘণ্টা এক জায়গায় হতে পারেন। পুরো সপ্তাহে কে কী প্রস্তুতি নিল সেগুলো ঝালাই করে নিলেন।

৯. মনে রাখতে হবে, সময় যেহেতু কম সব বিষয়ে সমানভাবে চোখ বুলাতেও হবে। ফলে এমনভাবে রুটিন করুন, কোনো বিষয়ে যাতে প্রস্তুতি কম না হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কমিয়ে দিন। স্মার্টফোন থেকে কিছুদিন দূরে থাকুন।

১০. একেবারে শূন্য থেকে যেহেতু শুরু করছেন ফলে কোনো রকম দুশ্চিন্তা রাখা উচিত না। পুরো সময়টা কাজে লাগান, পর্যাপ্ত ঘুম ও খাবার খান। শরীর ভালো রাখতে দিনে খানিকটা ব্যায়াম বা হাঁটাহাঁটি করুন। মন ও শরীর সতেজ থাকবে এতে। দেখবেন, অল্প পড়েও ভালো প্রস্তুতি হয়ে গেছে আপনার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত