মানিকগঞ্জে সাবেক ইউপি সদস্য আশরাফ আলীকে হত্যা মামলায় নারীসহ পাঁচজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহানা হক সিদ্দীকা আসামিদের উপস্থিতে রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো– মঞ্জুর রহমান, মোয়াজ্জেম হোসেন, বাবুল মিয়া, আজিজুল হক ও ফেলি বেগম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আফসারুল ইসলাম মনি জানান, ২০১৩ সালের ১৮ জুন বিকেলে ঘিওর উপজেলার ফুলহারা গ্রামের সাবেক ইউপি সদস্য আশরাফ আলীকে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেন। ঘটনার পরের দিন চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান আশরাফ আলী। পরদিন ১৯ জুন নিহতের ভাই মুনসুর আলম বাদী হয়ে ২৫ জনকে আসামিকে ঘিওর থানায় হত্যা মামলা করেন।
২০১৪ সালের ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক হাসমত আলী ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আদালতে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক দোষী প্রমাণিত হওয়ায় পাঁচজনের মৃত্যুদণ্ড ও অভিযোগ প্রমাণ করতে না পারায় ১৩ জনকে বেকসুর খালাস দেন।
