ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয়জনের বিরুদ্ধে আনা ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৮ ফেব্রুয়ারি ধার্য করেছে আদালত।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে নতুন দিন ধার্য করে বৃহস্পতিবার এই আদেশ দেন।
বৃহস্পতিবার রাজধানীর লালবাগ থানায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। তবে থানা পুলিশ প্রতিবেদন দাখিল না করায় এই দিন ধার্য করে আদালত।
নুর ছাড়া মামলার অপর আসামিরা হলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, একই সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি নাজমুল হুদা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহিল বাকি।
মামলা সূত্রে জানা যায়, গত বছর ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লালবাগ থানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। এ জাহারে ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে নুরের নাম উল্লেখ করা হয়।
