নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পৌরশহরে বাজারের মধ্য দিয়ে সকল ধরনের বালুবাহী যান বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার দুপুরে স্থানীয় প্রেস ক্লাব মোড়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি দুর্গাপুর শাখার উদ্যোগে শত শত নারী-পুরুষের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।
কমিউনিস্ট পার্টি উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুপক সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড ডা. দিবালোক সিংহ, পৌর নির্বাচনে কমিউনিস্ট পার্টির মনোনীত মেয়র প্রার্থী কমরেড শামছুল আলম খান, উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীরসহ স্থানীয় আরও অনেক নেতারা।
এ সময় বক্তারা বলেন, উপজেলা প্রশাসন বারংবার ভেজা বালু পরিবহন বন্ধে প্রতিশ্রুতি দিলেও শহরের ভেতর দিয়ে বালুবাহী ট্রাক-লরি অবাধে চলাচল করছে।
পৌরশহরের মধ্য দিয়ে ভেজা বালু পরিবহনে প্রধান প্রধান রাস্তাগুলোর প্রায় অংশেই খানা-খন্দ ও কাঁদা পানি জমে থাকায় 'শুষ্ক এ মৌসুমেও সড়কে যেন বর্ষার আমেজ বিরাজ করে সর্বদা'।
পর্যটন এলাকা হওয়া সত্ত্বেও রাস্তাঘাট নষ্ট থাকার কারণে পর্যটকেরা বিমুখ হয়ে পড়েছেন।
অবিলম্বে এ শহরে বাজারের মধ্য দিয়ে সকল প্রকার ভেজা বালুবাহী যান চলাচল বন্ধ না করলে পরবর্তীতে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা হুঁশিয়ারি দেন।
