অল্প সময়ের মধ্যে নেপালের সঙ্গে পিটিএ সই: বাণিজ্যমন্ত্রী

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ০৬:৩৮ পিএম

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, নেপালের সঙ্গে অল্প সময়ের মধ্যে প্রিফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট-পিটিএ স্বাক্ষরিত হবে। আরও অনেক দেশের সঙ্গে পিটিএ নিয়ে আলোচনা চলছে।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ পানগাঁও কনটেইনার পোর্ট রোডে বিআইপিইটি’র নতুন ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বিআইপিইটি) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

এলডিসি গ্র্যাজুয়েশনের কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, সামনে আমাদের জন্য আলোকিত পথ অপেক্ষা করছে, এগিয়ে যেতে হবে সামনের দিকে। এ জন্য যোগ্যতা ও দক্ষতা অর্জন করতে হবে।

তিনি বলেন, সরকার ইতোমধ্যে ভুটানের সঙ্গে পিটিএ স্বাক্ষর করেছে। নেপালের সঙ্গে অল্প সময়ের মধ্যে চুক্তি হবে। আরও অনেক দেশের সঙ্গে আলোচনা চলছে।

টিপু মুনশি বলেন, সাময়িকভাবে এটা আমাদের জন্য লাভজনক মনে না হলেও দীর্ঘ মেয়াদে লাভজনক হবে। এ জন্য আমাদের কাজ করতে হবে। প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্যে এগিয়ে যেতে পণ্যের মান ও দক্ষতার বিকল্প নেই।

তিনি বলেন, প্লাস্টিক শিল্প বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় খাত। বিশ্বে এ পণ্যের বিশাল বাজার রয়েছে। পণ্যের মান, ডিজাইন ও দক্ষতা দিয়ে বাজার দখল করতে হবে। বিশ্বে দিনদিন প্লাস্টিক পণ্যের চাহিদা বাড়ছে। আমাদের সুযোগ রয়েছে, এ সুযোগকে কাজে লাগাতে হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার প্লাস্টিক শিল্পের উন্নয়নে সহায়তা প্রদান করে যাচ্ছে। ব্যবসায়ীদেরও এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষতা অর্জনের বিকল্প নেই। এ ইনস্টিটিউট দক্ষ জনশক্তি তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। প্লাস্টিক পণ্যকে তৈরি পোশাকের মতো গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্যে পরিণত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত