সোনারগাঁয়ে ৮৮৩টি চোরাই মোবাইল ফোনসহ গ্রেপ্তার ১০

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ০১:৩১ এএম

সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় মোবাইল ফোনের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোন বিক্রির অভিযোগে ১০ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

গত শনিবার রাতে তাদের কাঁচপুর ব্রিজের পাশের রুপালি মার্কেটের ভেতর থেকে ৮৮৩টি চোরাই মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলার পর নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো সাহাজুল ইসলাম সাজু (৫০), কবির হোসেন (৪২), রোমান মোল্লা (২৪), রাসেল গাজী মিঠু (২৯), হাবিবুর রহমান (৫০), রাজু আহম্মেদ (২৯), নবীর হোসেন (৩২), মো. শাহীন (২৫), জয়নাল আবেদীন (৩০), হাবিব উল্লাহ সোহাগ (২৫)।

সোনারগাঁ থানার পুলিশ জানায়, কাঁচপুর কাঁচাবাজার এলাকায় রুপালি মার্কেটে কয়েকটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে চোরাই মোবাইল ফোন এনে দোকানে রেখে বিক্রি করে আসছিল। এই সংবাদের ভিত্তিতে শনিবার রাতে রুপালি মার্কেটে অভিযান চালিয়ে মোবাইল ফোন চোরচক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব। সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, শনিবার রাতে র‌্যাব-১০ চোরাই মোবাইল ফোনসহ আটক ১০ ব্যক্তির বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা করে। এ মামলায় গতকাল তাদের আদালতে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত