সোনাগাজীতে এক পরিবারকে ঘরবাড়িসহ উচ্ছেদের অভিযোগ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ০৩:৩৪ পিএম

ফেনীর সোনাগাজী আমিরাবাদ ইউনিয়নে মধ্যম সোনাপুর গ্রামে একটি পরিবারকে ঘরবাড়িসহ সবকিছু উচ্ছেদ করে দেয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে।

গৃহবধূ পারভিন আক্তারের অভিযোগ, রবিবার রাতে তাদের এক শতক জায়গার উপর নির্মিত ঘরটি ভেঙে দেয়। এতে বাধা দিতে আসলে তাকে ও তার দেড় বছরের শিশু সন্তান ফয়সালকে পিটিয়ে আহত করে।

স্থানীয় মেম্বার আলমগীর হোসেন দুলাল জানান, গৃহবধূ পারভিন আক্তার পৈতৃক সূত্রে প্রাপ্ত ৩ শতক জায়গার ওপর দীর্ঘদিন বসবাস করে আসছেন। তার চাচাতো ভাই বদর আলী সুপি বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে শেখ ফরিদ ও কামাল উক্ত সম্পত্তি নিজেদের দাবি করে আদালতে মামলা করেন, যা বর্তমানে চলমান।

সোমবার সকালে ভাঙচুর ও হামলার খবর শুনে এসে পারভিনের বাড়ির কোনো কিছুই পাওয়া যায়নি। ভাঙচুরকৃত ঘরের অংশ বিশেষ পাশের পুকুরে দেখা যায়।

নির্যাতিত গৃহবধূ পারভিন আক্তার বলেন, রাতের অন্ধকারে শেখ ফরিদ ও কামালসহ ৪/৫ জন সন্ত্রাসী আমার একমাত্র থাকার ঘরটি ভাঙচুর করে পুকুরে ফেলে দেয়, ঘরের ভিটেমাটি কেটে জমিতে ফেলে দেয়।  আমি বাধা দিলে আমাকে ও আমার বাচ্চাকে মারধর করে। আমার স্বামী চট্টগ্রামে থাকে।

সরেজমিন গিয়ে দেখা যায়, নির্যাতিত গৃহবধূ তার সন্তানকে নিয়ে রাস্তায় অবস্থান করছে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান জহিরুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছুই জানেন না বলে জানান।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছে। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি ও কাউকে আটক করা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত