সিঙ্গাপুরে এক বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মীকে নির্যাতনের দায়ে দেশটির সাবেক এক অভিনেতা-পরিচালক দোষী সাব্যস্ত হয়েছেন।
স্ট্রেইটস টাইমস জানায়, ২০১৮ সালের ওই ঘটনার মামলার শুনানিতে শুক্রবার আদালতে দোষী সাব্যস্ত হন নগ আইক লিওঙ্গ ওরফে হুয়াং ইলিয়াং।
২০১৮ সালের ১১ ডিসেম্বর একটি ধাতব পদার্থ দিয়ে জাহিদুল নামে ওই বাংলাদেশি কর্মীকে পেটে ও মাথায় আঘাত করেছিলেন নগ। এতে জাহিদুল প্রাণে বাঁচলেও কোমর ও মাথার খুলিতে আঘাত পান।
শুনানিতে জাহিদুল বলেন, নগের তত্ত্বাবধানে পরিচালিত সিঙ্গাপুর ইসলামিক হাবে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন তিনি। সেখানে কাজের ভুল ধরে তাকে মারধর করা হতো। প্রায়ই তাকে মারার হুমকি দিতেন নগ।
ঘটনার দিন একটু রশি চাইলে সেটি পছন্দমাফিক না হওয়ায় জাহিদুলের ওপর হামলে পড়েন নগ। তার দিকে প্লাস্টিকের একটি স্তূপ ও কাঠ ছুড়ে মারেন।
সেসময় একটি মইয়ের ওপর ছিলেন জাহিদুল। সেখান থেকে নেমে আসার পর ধাতব পদার্থ দিয়ে তার পেটে ও মাথায় আঘাত করেন নগ। এতে জাহিদুলের মাথার খুলি ফেটে ও থেঁতলে যায়।
২৬ ফেব্রুয়ারি পরের শুনানিতে সিদ্ধান্ত হবে ৫৯ বছর বয়সী সাবেক এই অভিনেতার কী সাজা হবে। এই মামলায় দোষীদের সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড, জরিমানা ও বেত্রাঘাতের বিধান রয়েছে। তবে নগ পঞ্চাশোর্ধ্ব হওয়ায় তাকে বেত্রাঘাত করা যাবে না।
২০০২, ২০০৩, ও ২০০৬ সালে সেরা সহ-অভিনেতার পুরস্কার জিতেছিলেন নগ। ২০০৮ সালে অভিনয় ছেড়ে নিজের প্রযোজনা সংস্থা চালু করেন।
