টঙ্গীতে পরিকল্পিতভাবে পুলিশের সোর্সকে খুন, নারীসহ গ্রেপ্তার ২

আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ০৪:৩৯ পিএম

গাজীপুর মহানগরীর টঙ্গীতে পুলিশের সোর্স জাকির হোসেন খুনের সঙ্গে জড়িত এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ এর সদস্যরা।

বুধবার রাতে নগরীর টঙ্গী এলাকার মুরকুন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কিশোরগঞ্জ সদরের নীলগঞ্জ এলাকার শুকুর আলীর ছেলে মো. বিল্লাল হোসেন (২৭) ও টঙ্গীর মুরকুন এলাকার মো. রুবেল হোসেনের স্ত্রী ঝর্ণা আক্তার (২১)।

এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-১ সহকারী পুলিশ সুপার মো. মোর্শেদুল হাসান জানান, গত মঙ্গলবার দুপুরে টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পশ্চিম পাড়া এলাকায় দুর্বৃত্তরা পূর্ব শত্রুতার জের ধরে পুলিশের সোর্স মো. জাকির হোসেনের (৬০) দুই পায়ের উরু এবং শরীরের একাধিক স্থানে এলোপাতাড়ি ধারালো ছুরিকাঘাতে গুরুতর জখম করে পালিয়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে ভিকটিমের মৃত্যু হয়।

এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে র‌্যাব সদস্যরা বুধবার রাতে ওই দুইজনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা সত্যতা স্বীকার করেছেন।

গ্রেপ্তারকৃতরা র‌্যাবকে জানান, তাদের মাদক ব্যবসার খবরা-খবর আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রকাশ করে দিত বলে পুলিশের সোর্স জাকির হোসেনকে সন্দেহ করতো। জাকিরকে তাদের পথের কাটা মনে করে পূর্ব পরিকল্পনা মতে তাকে হত্যা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত