কখনো বার্সার দায়িত্ব নিতে চান না পচেত্তিনো

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ০৩:১৪ পিএম

পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো বলেছেন, বার্সার দায়িত্ব নেওয়া তার পক্ষে ‘অসম্ভব’।

আর্জেন্টিনার সাবেক এই ফুটবলারের কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল এস্পানিয়লে। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত সেখানে ছিলেন। কোচ হিসেবে তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে কাতালুনিয়ার ক্লাবটিতে থাকাকালে।

বার্সেলোনার মতো এস্পানিয়লও স্পেনের এই স্বায়ত্তশাসিত ও ঐতিহাসিক অঞ্চলে অবস্থিত। তবে দুদলের মধ্যে রয়েছে আদর্শগত মতভেদ, রাজনৈতিক অবস্থান বিপরীতমুখী। ফলে তাদের সম্পর্কটা ভীষণ বৈরিতার।

গত বছরের জানুয়ারিতে পচেত্তিনোর বার্সেলোনার কোচ হওয়ার জোর গুঞ্জন উঠেছিল। স্প্যানিশ রেডিও স্টেশন আরএসি ওয়ান দাবি করেছিল, আর্নেস্তো ভালভার্দের উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হবে তাকে। কিন্তু সেটা হয়নি।

সোমবার ফরাসি গণমাধ্যম আরএমসি স্পোর্তকে পচেত্তিনো বলেছেন, শহর প্রতিদ্বন্দ্বী এস্পানিয়লকে কোচিং করানোর কারণেই তিনি কখনো বার্সার দায়িত্ব নেবেন না।

‘আমি কখনোই বার্সেলোনাকে পরিচালনা করব না। এটা অসম্ভব। সেই শহরের (কাতালুনিয়ার) একটি অংশের সঙ্গে আমার জীবনের সংযোগ রয়েছে, যা এটিকে অসম্ভব করে ফেলেছে। যেমন (পিএসজির চিরপ্রতিদ্বন্দ্বী) মার্সেইয়ের কোচ হওয়াও আমার পক্ষে অসম্ভব।’

খেলোয়াড়ি জীবন শেষে পচেত্তিনো কোচিং ক্যারিয়ার শুরু করেন ২০০৯ সালে। দায়িত্ব নেন স্প্যানিশ ক্লাব এস্পানিওলের। ২০১৪ সালের মে-তে টটেনহ্যামে যোগ দেওয়ার আগে ১৮ মাস ছিলেন সাউদাম্পটনে।

পচেত্তিনোর অধীনে ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে টটেনহ্যাম। লিভারপুলের কাছে হেরে রানার্সআপ হয় দলটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত