খিলগাঁওয়ে পুলিশ সোর্সের রগ কাটল দুর্বৃত্তরা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ০১:১৫ এএম

রাজধানীর খিলগাঁও ঝিলপাড়ে দেলোয়ার হোসেন (২৫) নামে পুলিশের এক সোর্সের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দুপুরে ঝিলপাড় ৬ নম্বর রোড থেকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।

দেলোয়ার হোসেন জানান, দুপুরে ৬ নম্বর রোডে তিনি হাঁটতে বের হন। পথে স্থানীয় মাদক ব্যবসায়ী রাকিব ও রানার সঙ্গে তার দেখা হয়। কিছুদিন আগে পুলিশ আটক করলে দেলোয়ারই তাদের ছাড়ানোর ব্যবস্থা করেন। কথা বলার একপর্যায়ে চাকু দিয়ে দেলোয়ারের শরীরে এলোপাতাড়ি আঘাত করে রাকিব ও রানা পালিয়ে যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের এএসআই আবদুল খান জানান, দেলোয়ারের বাম হাতের রগ কেটে গেছে। ডান হাত, দুই পা ও পেটে অস্ত্রের আঘাত রয়েছে। তাকে জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত