তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির ২৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার খলিলুর রহমান জানান, শনিবার ভোর ৪টায় লাইনচ্যুত বগি উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত রেল লাইন মেরামত কাজ শেষ হয়।
এর আগে শুক্রবার রাত ১১টার দিকে মাইজগাঁও ও বিয়ানীবাজারের মধ্যখানে গুতিগাঁও এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ওয়াগন ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ এর কাছাকাছি বরমচাল এবং মাইজগাঁও স্টেশনের মাঝামাঝি এলাকায় লাইনচ্যুত হয়। ট্রেনের ২০টি ওয়াগনের মধ্যে ১০টি কাত হয়ে পড়ে যায়।
এ সময় তেল ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকলে স্থানীয় লোকজন হাঁড়ি-পাতিল, বালতি ও ড্রাম নিয়ে তেল সংগ্রহ করতে শুরু করে। রাতের বেলা অন্ধকারের মধ্যে পুলিশ চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি।
সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৫ সদস্যর একটি তদন্ত কমিটি করেছে বাংলাদেশ রেলওয়ে।
আগামী তিন কর্মদিবসের মধ্যে এ কমিটিকে তদন্তের প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
