আমরণ অনশনের তৃতীয় দিনে অসুস্থ হয়ে পড়েছেন সানোফির রাজু

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৯ পিএম

ক্ষতিপূরণ দেওয়া নিয়ে সানোফি ম্যানেজমেন্টের টালবাহানা ও উদ্দেশ্য প্রণোদিতভাবে বঞ্চিত করার চেষ্টার অভিযোগে আমরণ অনশন কর্মসূচির তৃতীয় দিনে অসুস্থ হয়ে পড়েছেন মো. নুরুজ্জামান রাজু।

সানোফি বাংলাদেশ লিমিটেড ওয়ার্কার্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ৪০০ সদস্য এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। সেগুনবাগিচায় সানোফি বাংলাদেশের হেড অফিসের সামনে ব্যানার টাঙ্গিয়ে অনশন করছেন তারা।

সোমবার অনশনের তৃতীয় দিনে অনশনরত অবস্থায় অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নুরুজ্জামান রাজু অসুস্থ হয়ে পড়লে তাকে স্যালাইন দেওয়া হয়।

বিকেলে রাজু দেশ রূপান্তরকে বলেন, ‘২০১৯ সালের সেপ্টেম্বর মাসে সানোফি বাংলাদেশ হঠাৎ করে দেশ ছাড়ার ঘোষণা দেয়। এ ঘোষণার পর ভবিষ্যৎ চিন্তায় তিন মাস ধরে আমরা আন্দোলন করি। এতে ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। এরপর মো. মুঈন উদ্দীন মজুমদার আমাদের বলেন, ব্যবসা ঠিক থাকলে তিনি কর্মকর্তা-কর্মচারীদের কথা শুনবেন। ১৫ মাস পরে এসে বলছেন, কোম্পানি কোনো ধরনের ক্ষতিপূরণ দেবে না। এর প্রতিবাদে আমরা ১৭দিন ধরে রাস্তায় দাঁড়িয়ে শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছি। তাতেও কাজ না হওয়ায় গত শনিবার থেকে আমরা আমরণ অনশন কর্মসূচি পালন করছি। কিন্তু এর মধ্যে একটিবারের জন্যও কোম্পানির কেউ এসে আমাদের খোঁজখবর নেননি। বরং প্রতিদিনই হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘সানোফি বিশ্বের অন্যান্য দেশে এই ধরনের শেয়ার বিক্রি করে গেলে কর্মকর্তা-কর্মচারীদের ক্ষতিপূরণ দিয়ে থাকে। শুধুমাত্র বাংলাদেশেই এর ব্যতিক্রম হচ্ছে। অথচ বাংলাদেশে অতীতে ও সাম্প্রতিক সময়ে যত আন্তর্জাতিক কোম্পানি দেশ ছেড়ে গেছেন কিংবা শেয়ার বিক্রি করে দিয়েছে তারা সবাই কর্মকর্তা-কর্মচারীদের ক্ষতিপূরণ দিয়ে গেছে। এ অবস্থায় ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলতে চাই, ট্রেড ইউনিয়নের সকল দাবি শুধুমাত্র এবং শুধুই সানোফি বাংলাদেশের গ্লোবাল ও লোকাল ম্যানেজমেন্টের কাছে। আমাদের দাবি মানতে হবে।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত