রাজধানীর গুলশানে দুই মেয়েকে বাসা থেকে বের করে দেওয়ার ঘটনায় করা বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মামলায় সৎমা আনজু কাপুরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল মঙ্গলবার সকালে গুলশানে প্রয়াত স্বামী মোস্তফা জগলুল ওয়াহিদের রেখে যাওয়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন । তিনি বলেন, ‘প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় আনজু কাপুরকে গ্রেপ্তার করা হয়। আদালতে হাজির করে তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।’
গত বছরের ১০ অক্টোবর মারা যান অবসরপ্রাপ্ত বৈমানিক মোস্তফা জগলুল ওয়াহিদ। তিনি দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের ভাই। আনজু কাপুর মোস্তফা জগলুলের দ্বিতীয় স্ত্রী। গত বছরের ২৫ ডিসেম্বর মোস্তফা জগলুলের প্রথম পক্ষের সন্তান মুশফিকা মোস্তফা মামলা করেন আনজু কাপুরের বিরুদ্ধে। মুশফিকা মোস্তফা অভিযোগ করেন, তার বাবার মৃত্যুর পরদিন আনজু কাপুর সিটি ব্যাংক গুলশান শাখা থেকে ১ কোটি ৪০ লাখ টাকা তুলে নেন। টাকা তোলার সময় তার বাবার মৃত্যুর খবর ব্যাংকের কাছে চেপে যান তিনি।
