রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে এবার শুধু বহুনির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। ২০২০ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই শুধু ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। গতকাল মঙ্গলবার ভর্তি পরীক্ষা সংক্রান্ত কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান সভায় সভাপতিত্ব করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আজিজুর রহমান শামীম বলেন, ভর্তিচ্ছুরা চলতি বছর ৭ থেকে ১৮ মার্চ পর্যন্ত প্রাথমিক আবেদন করতে পারবে। পরে প্রাথমিক আবদেন থেকে বাছাই হওয়া শিক্ষার্থীরা ২৩ থেকে ৩১ মার্চের মধ্যে চূড়ান্ত আবেদন সম্পন্ন করবে। তিনটি ইউনিটে ৪৫ হাজার করে ১ লাখ ৩৫ হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিতে পারবে। তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই কারণে ভর্তি পরীক্ষার ফি গতবারের চেয়ে কমিয়ে ১ হাজার ১০০ হাজার টাকা করা হয়েছে। এবার ভর্তি পরীক্ষা ‘এ’, ‘বি’ এবং ‘সি’ এ তিনটি ইউনিটে হবে। ‘এ’ ইউনিটে থাকবে কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিকবিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। ‘বি’ ইউনিটে থাকছে ব্যবসায় শিক্ষা অনুষদ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)। ‘সি’ ইউনিটে থাকবে বিজ্ঞান অনুষদ, কৃষি অনুষদ, প্রকৌশল অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ভূ-বিজ্ঞান অনুষদ, ফিশারিজ অনুষদ এবং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদ।
‘এ’ ইউনিটে আবেদন করতে মানবিক বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করা শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসির যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ-৩ থাকতে হবে। দুটি মিলিয়ে ন্যূনতম জিপিএ-৭ থাকতে হবে। ‘বি’ ইউনিটে এসএসসি ও এইচএসসির যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ-৩.৫০ থাকতে হবে। দুটি মিলিয়ে ন্যূনতম জিপিএ-৭ দশমিক ৫০ থাকতে হবে। ‘সি’ ইউনিটে জন্য এসএসসি ও এইচএসসির যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং দুটি মিলিয়ে ন্যূনতম জিপিএ-৮ থাকতে হবে।
তবে ভর্তি পরীক্ষা ঠিক কোন তারিখে হবে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ সিদ্ধান্ত গ্রহণ করবে ভর্তি পরীক্ষা উপকমিটি।
