অভিনয়শিল্পী, দক্ষ নির্মাতা ও সংগঠক— একের ভেতর অনেক পরিচয় আফসানা মিমির। বর্তমানে অভিনয়ে নিয়মিত না দেখা গেলেও নাটক নির্দেশনা দিতে দেখা যায় মাঝে মধ্যেই।
কথাশিল্পী শওকত আলীর ত্রয়ী উপন্যাস ‘দক্ষিণায়নের দিন’ অবলম্বনে তিনি তৈরি করেছেন ‘সায়ংকাল’। ধারাবাহিকটির নাট্যরূপ দেওয়ার পাশাপাশি অভিনয়ও করেছেন মিমি।
‘সায়ংকাল’ প্রযোজনা করেছেন এল রুমা আকতার। দীর্ঘ ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, শহীদুজ্জামান সেলিম, সানজীদা প্রীতি, শাহাদাৎ হোসেন, শামস সুমন, নাঈম, সুষমা সরকার, স্বাগতা, শর্মীমালা, রাজীব সালেহীন, জয়িতা মহলানবীশসহ অনেকেই।
১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে ধারাবাহিকটির প্রচার শুরু হচ্ছে। সপ্তাহের প্রতি রবিবার, সোমবার ও মঙ্গলবার রাত ৯টায় দেখা যাবে ‘সায়ংকাল’।
আফসানা মিমি বলেন, “বিটিভি থেকে যখন নতুন নাটক তৈরির ব্যাপারে আলাপ হচ্ছিল, তখন মহাপরিচালক স্যার সাহিত্যনির্ভর কাজের ব্যাপারে আগ্রহ দেখালেন। আমি তখন ‘দক্ষিণায়নের দিন’ নতুন করে দর্শকের কাছে পরিচয় করিয়ে দিতে পারি কি-না, বলতেই তিনি বেশ উৎসাহ দেন। মূলত ৩০ থেকে ৩৫ বছর আগে ‘দক্ষিণায়নের দিন’ বিটিভিতে একবার প্রচার হয়েছিল। উপন্যাসটি আবার নতুন প্রজন্মের দর্শককে পরিচয় করিয়ে দেওয়া আমাদের মূল লক্ষ্য। একটি মধ্যবিত্ত পরিবারের উত্থান, পতন, সংগ্রাম, ভালোবাসার সমন্বয়ে বহুস্তর জীবনের পূর্ণ রূপ তুলে ধরা হয়েছে ‘সায়ংকাল’-এ। বেশ সুন্দরভাবেই আমরা কাজটি গুছিয়েছি।”
নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি ২০০০ সালে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বন্ধন’ দিয়ে পরিচালনায় আসেন। এরপর একে একে নির্মাণ করেন গৃহগল্প, সাড়ে তিনতলা, কাছের মানুষ, ডলস হাউস, পৌষ ফাগুনের পালা ও সাতটি তারার তিমিরের মতো আলোচিত সিরিয়াল।
