২৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রবিবার শতাধিক রান তুলে ফেললেও পাঁচ উইকেট হারাতে হয়েছে বাংলাদেশকে। আশা হয়ে আছেন মুমিনুল হক এবং লিটন দাস।
এই প্রতিবেদন লেখার সময় ৫ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ১৩৪। সবাই ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরেছেন।
মিরপুরে চতুর্থদিন সকালে আবু জায়েদ রাহি এবং তাইজুল ইসলামের কল্যাণে ওয়েস্ট ইন্ডিজকে ১১৭ রানে গুটিয়ে দেয় স্বাগতিকেরা। তাতে প্রথম ইনিংসের লিডসহ জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ২৩১।
অল্প রানের টার্গেটে ব্যাট করতে নেমে তামিম ইকবাল এবং সৌম্য সরকার উদ্বোধনীতে ৫৯ রান করে কাজটা সহজ করে দেন।
জুটি ভাঙে সৌম্যর বিদায়ে। ১৩তম ওভারে ব্রাথওয়েটের বলে কর্নওয়ালের হাতে ক্যাচ দেন। ৩৪ বলে ১ চারে ১৩ রান করেন তিনি।
অর্ধশতকের পর তামিম বিদায় নেন ১৭তম ওভারে। তাকেও ফেরান ব্রাথওয়েট। ৪৬ বলে ৯টি চারে এই রান করেন তিনি।
এরপর দ্রুত আরও তিন উইকেট চলে যায়। ২২তম ওভারে কর্নওয়ালকে খেলতে গিয়ে মোয়েসলির হাতে ক্যাচ দেন শান্ত (১১)। অল্পতে বিদায় নেন মুশফিকও। ৩০ বলে ১৪ রান করা এই সিনিয়র ক্রিকেটার ওয়ারিকেনের বলে সিলভার হাতে ক্যাচ দেন।
কর্নওয়ালের বাড়তি বাউন্স পাওয়া ডেলিভারিতে বোকা বনে যান মোহাম্মদ মিঠুন। ১২ বলে ১ ছয়ে ১০ রান করে শর্টে মোয়েসলির হাতে ক্যাচ দেন।
